কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

0
19

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় যাত্রীবাহী দ্রুতগামী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লালমাই হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তারা উত্তরবঙ্গ থেকে এসে কুমিল্লা অঞ্চলে দিনমজুর হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও শ্রমিক মহলে শোকের ছায়া নেমে আসে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘শাহ আলী সুপার’ নামের একটি বাস নোয়াখালী থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। রতনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হয়। বাসের গতি এত বেশি ছিল যে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণ ও বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি গণমাধ্যমকে জানান, নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও স্থানীয় প্রশাসন কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে