ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে অনলাইনভিত্তিক যুব আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বিভিন্ন প্রতিযোগিতামূলক ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হচ্ছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছে সমর্থকদের সরাসরি যন্তর মন্তরে যাওয়ার আহ্বান জানান। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান এবং পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর অনুরোধ করেন।
সংগঠনটির দাবি, নিট-ইউজি ২০২৬, সিইউইটি, এসএসসি জিডি এবং সিবিএসই পরীক্ষায় প্রশ্নফাঁস ও মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এসব অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে তারা। সমাজকর্মী সোনম ওয়াংচুকও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি ঘোষণা দেন, দিপকেকে গ্রেপ্তার করা হলে তিনি ছয় সপ্তাহের অনশন করবেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নয়াদিল্লি ও আশপাশের এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
সিজেপিও সমর্থকদের শান্তিপূর্ণ আচরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক মাধ্যমে আলোচনায় আসার পর যন্তর মন্তরের এই কর্মসূচিকে সংগঠনটির প্রথম বড় মাঠপর্যায়ের সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। যদিও সিজেপি এখনও নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তবে অনলাইনে তাদের অনুসারীর সংখ্যা দ্রুত বাড়ছে।

























