বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে, যা চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হয়েছে। গ্রাহকদের ব্যবহারের পরিমাণ অনুযায়ী ইউনিট প্রতি খরচ ভিন্ন ভিন্ন ধাপে নির্ধারণ করা হয়েছে। লাইফলাইন গ্রাহকদের জন্য প্রথম ৫০ ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৩২ পয়সা। এরপর শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ৬ টাকা ১৮ পয়সা, ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৮ টাকা ৫০ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৯ টাকা ১০ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৯ টাকা ৬২ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ১৫ টাকা ১ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিট ১৭ টাকা ৩৫ পয়সা কার্যকর হবে।
নতুন এই কাঠামোয় খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সায়, যা ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি। একই সঙ্গে পাইকারি পর্যায়ে দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর সঞ্চালন চার্জও বাড়িয়ে ইউনিট প্রতি ৩৮ দশমিক ৮৬ পয়সা করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, জুন মাসের বিল থেকে এই আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে বিভিন্ন গ্রাহক শ্রেণির ক্ষেত্রে বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। গত এপ্রিলের গণশুনানি ও বাজেট বাস্তবায়নের সুবিধার্থে দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




























