শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এবং প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি মনে করেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে তার পদত্যাগ প্রয়োজন।
চিঠিতে তিনি আরও লিখেছেন, “অসুস্থ শরীর নিয়ে মন্ত্রণালয়ের শীর্ষ পদে থাকা ঠিক হবে না। তাই বর্তমান পদ থেকে আমার অনতিবিলম্বে অব্যাহতি গ্রহণ করা অত্যন্ত আবশ্যক।”
রাজনৈতিক মহলে তার পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন উঠলেও মূল কারণ হিসেবে তিনি স্পষ্টভাবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। কিছুদিন আগেই তিনি পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের উন্নয়ন নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তবে শেষ পর্যন্ত অসুস্থতার কারণে তাকে মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হলো।




























