বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের নতুন মেয়র এমানুয়েল গ্রিগোয়ার। শুক্রবার (২৯ মে) অনুষ্ঠিত এই বৈঠকে প্যারিসকে সামাজিক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মেয়র জানান, ‘সোশ্যাল বিজনেস ডে’ বা সামাজিক ব্যবসা দিবসকে বার্ষিক উৎসব হিসেবে উদযাপন করার উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে অধ্যাপক ইউনূস তার ‘থ্রি জিরো’ লক্ষ্য—শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কুক্ষিগতকরণ এবং শূন্য বেকারত্ব—অর্জনে তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরেন। তিনি বিশ্বব্যাপী চলমান প্রায় ৭ হাজার ‘থ্রি জিরো ক্লাব’-এর কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।
ড. ইউনূস ধনকুবেরদের দাতব্য তহবিলের পরিবর্তে দীর্ঘস্থায়ী সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ‘সোশ্যাল বিজনেস ফান্ড’-এ সম্পদ বিনিয়োগের একটি নতুন মডেল প্রস্তাব করেন। তার মতে, এই উদ্যোগ সম্পদ কুক্ষিগতকরণের প্রবণতা রোধে কার্যকর ভূমিকা রাখবে।
এমানুয়েল গ্রিগোয়ার জানান, আগামী জুন মাসে ঢাকায় অনুষ্ঠেয় ‘সোশ্যাল বিজনেস ডে’-তে অংশ নিতে তিনি তার ডেপুটি অড্রে পুলভার এবং প্যারিস কাউন্সিলের সদস্য এলিসা ইয়াভশিৎজকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন।
বৈঠকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ‘ইউনূস ফ্রান্স’-এর প্রধান ইয়োয়ান নুগিয়ার উপস্থিত ছিলেন। বৈঠকের শেষ দিকে মেয়র প্যারিসকে সামাজিক উদ্ভাবনের একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।




























