৪১৯ যাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

0
27

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার (৩০ মে) সকাল সাড়ে দশটার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাজিদের দেশে ফেরার যাত্রা।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এই ফ্লাইট। হাজিদের নিরাপদে দেশে ফেরাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা হাজিদের স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

প্রথমদিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী দেশে ফিরবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সৌদিয়া এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটে হাজিদের ফিরিয়ে আনা হবে। প্রতিটি ফ্লাইটে হাজিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে দেশে পৌঁছাতে পারেন।

উল্লেখ্য, এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছিল গত ১৭ এপ্রিল রাতে। প্রধানমন্ত্রী তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এরপর ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে হজযাত্রী সৌদি আরবে গমন করেন। সর্বশেষ হজ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৬ হাজার ৫৮০ জন যাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। তাদের নিরাপদে দেশে ফেরাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ফ্লাইটে হাজিদের জন্য চিকিৎসা সহায়তা, লাগেজ ব্যবস্থাপনা এবং বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা নিশ্চিত করা হয়েছে।

প্রথম ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার যাত্রা শুরু হলেও আগামী কয়েকদিনে ধারাবাহিকভাবে হাজিরা দেশে ফিরবেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, পুরো ফিরতি ফ্লাইট কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে