ঢাকার আমিন বাজারে কোরবানির পশুর চামড়া বিক্রয় কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৮ মে) তিনি সরেজমিনে গিয়ে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী কাঁচা চামড়ার ক্রেতা, বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজারের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
চামড়া শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা বা সিন্ডিকেটের কারণে চামড়া নষ্ট না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।




























