ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশবাসীর প্রতি বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৮ মে) নামাজ শেষে গণমাধ্যমকে তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তিনি উল্লেখ করেন, দেশের দুস্থ ও দরিদ্র মানুষদের বৈষম্য দূর করে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির প্রতীক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এটি কোনো হত্যা নয়, বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার শিক্ষা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন।”
ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন আলহাজ মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।




























