সড়কে দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী

0
22

সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার স্টিকার লাগানো হয়েছে এবং বাসেও ভাড়ার তালিকা সংযুক্ত করা হয়েছে। যাত্রীরা আগের তুলনায় নির্ধারিত সময়ে বাড়ি যেতে পারছেন।

মন্ত্রী জানান, যাত্রীরা সরাসরি পরিবহনের নাম উল্লেখ করে অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেক যাত্রী অগ্রিম টিকিট না কাটায় ভোগান্তিতে পড়ছেন এবং অসচেতনতার সুযোগ নিয়ে চালক বা সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায় করছে।

তিনি আরও বলেন, আড়ালে দুর্বৃত্তরা সক্রিয় থাকলেও তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কোরবানির পশুর হাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছিল যে সড়কে হাট বসবে না। তবে পশু ও ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় অনেক সময় হাট সড়কে চলে আসে, এতে সমন্বয়হীনতা তৈরি হয়।

মন্ত্রী স্বীকার করেন, সরকারের মনিটরিংয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিপুলসংখ্যক মানুষ ট্রাকে যাতায়াত করছে, যা থামাতে গেলে মহাসড়কে যানজট তৈরি হয়। তিনি বলেন, নাগরিকরা সচেতন না হলে সড়কে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে