চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমটি ফসিল, এক লাখ টন ক্রুড অয়েল খালাস শুরু

0
4

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে পানামার পতাকাবাহী ট্যাংকার জাহাজ ‘এমটি ফসিল’। শুক্রবার (২২ মে) ভোরে জাহাজটি বন্দরে পৌঁছায় এবং সকাল সাড়ে ১০টার দিকে লাইটারিং প্রক্রিয়ায় তেল খালাস শুরু হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি বাংলাদেশে ক্রুড অয়েলের দ্বিতীয় চালান।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনোমিয়া’ নামের একটি ট্যাংকার কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে। যুদ্ধ শুরুর আগে সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি এক লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হয়েছিল।

ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোস্তাফিজুর রহমান জানান, জাহাজ থেকে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি এই ক্রুড অয়েল থেকে এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ ১৬ ধরনের তেলজাতীয় পণ্য উৎপাদন করে থাকে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইয়ানবু বন্দরে বিপিসির জন্য আরও এক লাখ টন ক্রুড অয়েল ৩০ মে লোড করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

বর্তমানে ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে, যা দেশের বার্ষিক ৭২ লাখ টন চাহিদার প্রায় ২০ শতাংশ। দেশের মোট চাহিদা মেটাতে ৯২ শতাংশ জ্বালানি তেল আমদানি করতে হয়, আর বাকি ৮ শতাংশ স্থানীয় উৎস ও কনডেনসেট প্রক্রিয়াজাত করে পাওয়া যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে