সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়

0
3

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাটে কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী এই গবাদিপশুর হাট প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বসে, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা খামারি ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বগুড়া-পাবনা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় হাটে যাতায়াত সহজ হওয়ায় সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল ও ভেড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। বিশেষ করে দেশি জাতের মাঝারি ও ছোট আকৃতির গরুর চাহিদা এখানে বেশি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ সময়ের তুলনায় কোরবানির ঈদকে সামনে রেখে পশুর আমদানি ও বেচাকেনা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিটি হাটে কোটি কোটি টাকার লেনদেন হয়, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে তুলছে।

খামারিরা জানান, উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে তারা সহজেই পশু নিয়ে আসতে পারেন এবং ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পান। অন্যদিকে ক্রেতারাও বিভিন্ন জাত ও দামের পশু এক জায়গায় পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।

রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, চান্দাইকোনা পশুর হাট উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাজার। এখানে স্থানীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি হচ্ছে। পশুর স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ বেচাকেনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী জানান, হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানির মৌসুমে তদারকি আরও জোরদার করা হবে।

হাট কমিটির সভাপতি শামসুল ইসলাম খান বলেন, চান্দাইকোনা পশুর হাটের সুনাম অনেক পুরোনো। প্রতি হাটে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। কোরবানির ঈদকে সামনে রেখে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে যাতে ক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে