ডে-কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন প্রধানমন্ত্রী

0
19

ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৯ মে) তেজগাঁওয়ের ভূমি ভবনে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে-কেয়ার সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটান।

ডে-কেয়ার সেন্টারে প্রবেশের পরপরই প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে মিশে যান। কেউ করমর্দন করে, কেউ খেলনার কাছে টেনে নিয়ে যায়, আবার কেউ নিজেদের আঁকা ছবি দেখাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রধানমন্ত্রীও মন দিয়ে সেসব দেখেন এবং প্রশংসা করেন। তিনি শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন, হাসি-আনন্দে সময় কাটান।

শিশুদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী কেক কাটেন এবং নিজ হাতে চকলেট, টফি, ললিপপ ও গিফট ব্যাগ বিতরণ করেন। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকে তোমাদের সবার জন্মদিন। আসো আমরা একসাথে কেক কাটি।” করতালিতে মুখর হয়ে ওঠে পুরো কক্ষ। এক শিশু প্রধানমন্ত্রীকে কেক খাইয়ে দেয়, আরিবা নামের এক শিশু আনন্দে বলে ওঠে, “আংকেল খুব ভালো, খুব সুইট।”

প্রধানমন্ত্রী শিশুদের খাবার ও মানসিক বিকাশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সঠিক যত্ন নেওয়ার নির্দেশনা দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, সারা দেশে এ ধরনের ২০টি ডে-কেয়ার সেন্টার রয়েছে। ঢাকাসহ বিভিন্ন স্থানে চার থেকে ছয় বছর বয়সী শিশুরা প্রতিদিন সাড়ে ১০ ঘণ্টা সেবা পেয়ে থাকে।

প্রধানমন্ত্রী প্রায় ১৮ মিনিট শিশুদের সঙ্গে সময় কাটিয়ে হাত নেড়ে বিদায় জানান। শিশুরা সালাম দিয়ে ও হাত নেড়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানায়। তাদের নিষ্পাপ হাসি ও ভালোবাসার ভেতর প্রধানমন্ত্রী যেন কিছুক্ষণের জন্য দায়িত্বের কঠিন বাস্তবতা ভুলে গিয়েছিলেন।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ছাড়াও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে