নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন (পিসিএ) ইন্দাস ওয়াটার্স ট্রিটি (আইডব্লিউটি) নিয়ে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে। আদালত জানায়, ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করতে পারে না এবং এটি এখনো কার্যকর রয়েছে।
পিসিএর রায়ে বলা হয়, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাতলে ও কিশেঙ্গাঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পে ‘পন্ডেজ’ ব্যবহারের মাধ্যমে পানির প্রবাহ নিয়ন্ত্রণের পাকিস্তানের অভিযোগ যথার্থ। পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, এসব প্রকল্পে ভারতের পানি আটকে রাখার সক্ষমতা রয়েছে, যা চুক্তির শর্ত ভঙ্গ করে।
ভারত অবশ্য এই রায় প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পিসিএর সিদ্ধান্তকে তারা অবৈধ ও অকার্যকর মনে করে এবং ইন্দাস ওয়াটার্স ট্রিটি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্ত বহাল রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, রায়টি আইনগতভাবে পাকিস্তানের অবস্থানকে শক্তিশালী করলেও বাস্তবে এর প্রভাব সীমিত হতে পারে। কারণ ভারত আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছে। পাকিস্তান তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে কূটনৈতিক চাপ তৈরির পথেই এগোচ্ছে।
এই রায় এমন সময়ে এসেছে, যখন দুই দেশের সম্পর্ক কার্যত স্থবির। কূটনৈতিক যোগাযোগ বন্ধ রয়েছে, এয়ারলাইন্সের ওপর বিধিনিষেধ বহাল আছে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের কিছু প্রভাবশালী মহল পাকিস্তানের সঙ্গে সংলাপের পক্ষে মন্তব্য করেছে, যা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে বাস্তবায়ন অনিশ্চিত।

























