ঈদে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ: প্রতিদিন দেড় হাজার কোটি টাকা দেশে আসছে

0
8

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। পরিবার-পরিজনের ঈদ ব্যয় মেটাতে প্রবাসীরা আগেভাগেই বৈধ চ্যানেলে অর্থ পাঠানো শুরু করায় চলতি মে মাসে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৯৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা, অর্থাৎ প্রতিদিন গড়ে দেড় হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স দেশে প্রবেশ করছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৬ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১২৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মার্চে সর্বোচ্চ ৩৭৫ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স আসে। এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। আর চলতি মে মাসে ঈদকে কেন্দ্র করে প্রবাহ আরও বাড়তে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে মে মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে