সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা নিয়ে এলেন নতুন ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’। সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া এই গানটিতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি।
‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’— এমন কথার গানটি লিখেছেন গীতিকার স্নেহাশীষ ঘোষ। গানটির সুর, মিউজিক ভিডিওর নির্দেশনা ও প্রযোজনা করেছেন সৈয়দ অমি নিজেই। অন্যদিকে সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি।
লন্ডনের বেশ কিছু বিখ্যাত লোকেশনে বড় আয়োজনে ধারণ করা হয়েছে গানটির ভিডিও। চিত্রগ্রহণে ছিলেন আশিক মাহমুদ।
গীতিকার স্নেহাশীষ ঘোষ জানান, ড্যান্স বিটের একটি গান করার পরিকল্পনা ছিল অমির। সেই ভাবনা থেকেই গানটি লেখা হয়েছে। ভয়েস রেকর্ডিং, মিক্স মাস্টারিং এবং ভিডিও শুটিংয়ে দীর্ঘ সময় ব্যয় করা হয়েছে। শ্রোতাদের জন্য একটি ধামাকা গান উপহার দেওয়ার চেষ্টা ছিল পুরো আয়োজনে।
সৈয়দ অমি জানিয়েছেন, ঈদ উৎসবকে মাথায় রেখে প্রায় তিন মাস আগে গানটির রেকর্ডিং করা হয়েছিল। তার বিশ্বাস, বড় আয়োজনে তৈরি করা এই গানটি শ্রোতাদের মন জয় করবে।



























