জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে : তথ্যমন্ত্রী

0
12

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১৬ মে) বিকেলে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, “উজান ও ভাটির দেশের নদী সমস্যার সমাধানকল্পে আন্তর্জাতিক চুক্তি ও প্রোটোকল রয়েছে। বর্তমান সরকার সম্মিলিত ঐক্যের মাধ্যমে শক্তিশালী কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করবে।”

মন্ত্রী মওলানা ভাসানীর দূরদর্শিতার কথা স্মরণ করে বলেন, তিনি জনকল্যাণের পাশাপাশি মানুষকে ঐক্যবদ্ধ করার রাজনীতি করতেন। ধর্মীয় মূল্যবোধের ভিত্তি ছাড়া দেশের সংস্কৃতি, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার সংগ্রাম কায়েম করা সম্ভব নয়—এ বিষয়টি তিনি আগেই উপলব্ধি করেছিলেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, নবনির্বাচিত সরকার ভাসানীর চিন্তার কাছাকাছি অবস্থান করছে এবং তার দেওয়া ‘ধানের শীষ’ মার্কাকে ধারণ করছে। ধানের শীষের রাজনীতির মধ্যেই নিহিত আছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফারাক্কা সমস্যার স্থায়ী সমাধানের পথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ভারতের একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং মওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয় স্বার্থে গঙ্গা চুক্তি নবায়নের দাবি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে