যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

0
10

যুক্তরাষ্ট্র ও ইরানের স্থবির হয়ে পড়া শান্তি আলোচনা এগিয়ে নিতে সহযোগিতার লক্ষ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি শনিবার (১৬ মে) তেহরানে পৌঁছেছেন। ইরানি গণমাধ্যম তাসনিমের বরাতে এএফপি জানিয়েছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও আলোচনার অগ্রগতির অংশ হিসেবে তিনি দুই দিনের সরকারি সফরে ইরানে গেছেন।

তেহরান বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। এর কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফর করেছিলেন। ইসলামাবাদ বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত মাসে পাকিস্তান উভয় পক্ষের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে।

গত ৮ এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতির ফলে সংঘাত মূলত থেমে আছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে সংঘাত শুরু হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন থেকে তারা বার্তা পেয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আলোচনায় আগ্রহী। অন্যদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে তেহরানের শান্তি প্রস্তাব মেনে নিতে হবে, নতুবা ব্যর্থতার মুখোমুখি হতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কালিবাফ লিখেছেন, “১৪ দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্য যেকোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফল হবে।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে