বেইজিংয়ে ট্রাম্প-শি শীর্ষ বৈঠক শুরু

0
5

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন। প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে এএফপি জানিয়েছে।

ওয়াশিংটন থেকে দীর্ঘ যাত্রা শেষে প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক দশকের মধ্যে এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর।

ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনের বাজার উন্মুক্ত করার আহ্বান জানাবেন। এ সফরে ইরান যুদ্ধের বিষয়টিও গুরুত্ব পাবে। প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ও টেসলার প্রধান ইলন মাস্কসহ কয়েকজন শীর্ষ নির্বাহীও ট্রাম্পের সঙ্গে সফরে রয়েছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের সফরকে স্বাগত জানিয়ে বলেছে, সহযোগিতা সম্প্রসারণ এবং মতপার্থক্য ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। তবে তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ট্রাম্পের পরিকল্পনার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম বেইজিং সফর। বৃহস্পতিবার ও শুক্রবার শি জিনপিংয়ের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত বৈঠক ছাড়াও রয়েছে রাষ্ট্রীয় ভোজ ও চা-আড্ডা। আলোচনায় আসতে পারে তাইওয়ান ইস্যু, বিরল খনিজ রপ্তানি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা এবং দুই দেশের উত্তপ্ত বাণিজ্য সম্পর্ক।

শীর্ষ সম্মেলন ঘিরে বেইজিংয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ গুরুত্বপূর্ণ মোড়ে নজরদারি করছে এবং মেট্রোযাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, বৈঠক থেকে কিছু অগ্রগতি হবে এবং চীন-যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে পারবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে