প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

0
4

সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদেরকে বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

বুধবার (১৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন প্রতিবন্ধী যেন নিজেকে একা মনে না করে, কারণ সরকার সব সময় তাদের পাশে আছে।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধী সন্তানকে যোগ্য করে তুলতে বাবা-মাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তাদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সরকার সচেষ্ট। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের সংখ্যা যাই হোক না কেন, তাদের সকলের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছেন এবং প্রতিবন্ধীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধিতা জয় করে অনেকেই দেশের জন্য সুনাম ও গৌরব বয়ে এনেছেন। কেউ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত, কেউ দৃষ্টি বা বাক প্রতিবন্ধী, আবার কেউ শারীরিক প্রতিবন্ধী। কিন্তু তাদের অন্য অনেক ভালো দিক রয়েছে, যা সমাজের সামনে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে