বার্সেলোনার শিরোপা জয়ের দিনে এসেছে এক অনন্য রেকর্ড। লা লিগার মৌসুম শেষ হতে বাকি থাকলেও ১১ মে ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে হানসি ফ্লিকের দল।
লা লিগার ইতিহাসে প্রথমবার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতল বার্সেলোনা। ক্লাব ইতিহাসে এটি তাদের ২৯তম লিগ শিরোপা। রিয়াল মাদ্রিদ অবশ্য অনেক আগেই একই কীর্তি গড়েছিল—১৯৩১-৩২ মৌসুমে বার্সাকে হারিয়ে নিজেদের প্রথম লিগ শিরোপা নিশ্চিত করেছিল তারা।
৯৪ বছর পর সেই বিরল দৃশ্য আবার দেখা গেল, তবে এবার কাতালানদের পক্ষ থেকে। শিরোপা জয়ের দিনটা বার্সা কোচ হানসি ফ্লিকের জন্য অম্ল-মধুর ছিল। ম্যাচের আগে তিনি বাবাকে হারানোর দুঃসংবাদ পান, তবুও দায়িত্বে অবিচল থেকে দলকে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন করেন।

























