বর্জ্য প্রতিদিন না সরালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিলেন ডিএসসিসি প্রশাসক

0
20

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম কঠোরভাবে জানিয়েছেন, বাসাবাড়ি থেকে নির্ধারিত মাসিক ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় করলে কিংবা প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ না করলে সংশ্লিষ্ট প্রাথমিক সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) লাইসেন্স বাতিল করা হবে।

সোমবার (১১ মে) রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণের বিষয়েও তিনি জোর দেন।

প্রশাসক বলেন, অনেক প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করছে এবং প্রতিদিন ময়লা সংগ্রহ করছে না, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে জানান, প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা নেওয়া যাবে এবং তা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে আদায় করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে লাইসেন্স বাতিল করা হবে।

ঈদুল আজহার সময় কোনো পরিচ্ছন্নতা কর্মী বা কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে থাকতে হবে। ঠিকাদারদেরও সরাসরি উপস্থিত থেকে কাজ তদারকি করতে হবে এবং পর্যাপ্ত ভ্যান ও জনবল নিশ্চিত করতে হবে।

এছাড়া নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, পরিচ্ছন্ন পোশাকে দায়িত্ব পালন এবং বাসা থেকে রাস্তা বা খালে ময়লা ফেললে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়।

সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে