বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আগামী জুনের মাঝামাঝি ঢাকায় যোগ দিচ্ছেন ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। গত এপ্রিলের শেষ দিকে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে নিয়োগ দেয়। দীর্ঘদিন পর কোনো রাজনীতিককে এ পদে নিয়োগ দিল ভারত সরকার।
বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করছেন। তিনি শিগগিরই বাংলাদেশ ত্যাগ করবেন এবং ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন।
৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেটে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পর দলীয় চাপের মুখে তিনি মন্ত্রিত্ব ছাড়েন। এছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ত্রিবেদী ভারতের লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষের সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে পরের মাসে বিজেপিতে যোগ দেন।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন হাইকমিশনারের দায়িত্ব গ্রহণকে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




























