জনগণের নিরাপত্তা উপেক্ষা করে সরকারের কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।
জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, এসব ঘটনা কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, না কি আইনের সঠিক প্রয়োগের অভাবে জনগণের হতাশা থেকে ক্ষোভের বহিঃপ্রকাশ?
ডা. শফিকুর রহমান বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তিনি আরও মন্তব্য করেন, সদিচ্ছা ও যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান হতে পারে।




























