তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

0
9

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা সি. জোসেফ বিজয়, যিনি ভক্তদের কাছে ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত। রোববার (১০ মে) রাজধানী চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজারো সমর্থক উপস্থিত ছিলেন।

মাত্র দুই বছর আগে গঠিত বিজয়ের দল টিভিকে এবারের নির্বাচনে ২৩৪ আসনের বিধানসভায় ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা পূরণে তারা প্রথমদিকে হিমশিম খায়। পরে বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসসহ কয়েকটি ছোট দলের সমর্থন পেয়ে টিভিকে’র আসনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১২০, যা বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম করে।

৫১ বছর বয়সী বিজয় শপথ অনুষ্ঠানে বলেন, “আমি কোনো রাজনৈতিক রাজবংশ থেকে আসিনি, আমি একজন সাধারণ মানুষ।” তিনি জানান, তার সরকারের প্রধান লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, রেশন সরবরাহ, সড়ক ও গণপরিবহনসহ মৌলিক সেবার উন্নয়ন। প্রথম দফায় বিদ্যুতের দাম কমানো এবং নারীদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয়কে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ১৯৮৪ সালে অভিনয় শুরু করা বিজয় ধীরে ধীরে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন। তার অ্যাকশনধর্মী ও সামাজিক বার্তাবহ চলচ্চিত্রগুলো তাকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করে। ২০২৪ সালে দুর্নীতি দূর ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি টিভিকে গঠন করেন।

তামিলনাড়ু ভারতের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্য, যেখানে গাড়ি, ইলেকট্রনিকস ও স্মার্টফোন উৎপাদন হয়। বিজয়ের দল ঐতিহ্যবাহী দ্রাবিড়া মুন্নেত্রা খাজাগাম এবং আন্না দ্রাবিড়া মুন্নেত্রা খাজাগাম দলের দীর্ঘদিনের আধিপত্য ভাঙার লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রচারণা চালায়।

বিশ্লেষকদের মতে, বিজয়ের বিপুল ভক্তসমর্থন এবং তরুণদের নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষাই তার অভাবনীয় সাফল্যের মূল কারণ। তবে রাজনৈতিক নবাগত হিসেবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনপ্রিয়তাকে কার্যকর নীতিতে রূপ দেওয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে