দেশের প্রশাসনিক কাঠামোতে এক বড় মাইলফলক অর্জিত হয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকের মাধ্যমে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠন এবং নতুন পাঁচটি উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশে সিটি করপোরেশনের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৩-তে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করায় ওই অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
একই বৈঠকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে নতুন পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। এর ফলে বিদ্যমান উপজেলার সংখ্যা ৪৯৫ থেকে বেড়ে এখন ৫০০-তে উন্নীত হয়েছে। নতুন গঠিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে গঠিত মোকামতলা উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে গঠিত মাতামুহুরী উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভেঙে রুহিয়া ও ভুল্লী নামে দুটি পৃথক উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলা।
সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে স্থানীয় বাসিন্দারা আরও সহজে ও দ্রুততার সাথে প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।




























