রংপুরে ঝড়বৃষ্টিতে হাঁড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষতি

0
11

রংপুরে বজ্র, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে জিআই পণ্যের স্বীকৃত হাঁড়িভাঙ্গা আমের বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিদের আশঙ্কা, এ কারণে প্রায় ২০ শতাংশ ফলন কমে যেতে পারে।

মিঠাপুকুর ও পদাগঞ্জ এলাকায় ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে কয়েক টন হাঁড়িভাঙ্গা আম ঝরে পড়েছে। আমের আঁটি শক্ত হওয়ার আগ মুহূর্তে ঝরে পড়ায় বাজারজাত করা সম্ভব হচ্ছে না। শিলাবৃষ্টির আঘাতে গাছে থাকা আমেও ফাটল ও দাগ দেখা দিয়েছে।

স্থানীয় চাষি শফিকুল ইসলাম জানান, তার এক একর জমিতে প্রায় ২৫০টি হাঁড়িভাঙ্গা আমগাছ রয়েছে। এ বছর ৪০০ মণ আমের আশা করেছিলেন তিনি। কিন্তু ঝড়বৃষ্টির কারণে প্রায় এক শত মণ আম নষ্ট হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন।

রংপুর আঞ্চলিক খামার বাড়ির তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৩ হাজার হেক্টর জমিতে হাঁড়িভাঙ্গা আম থেকে প্রায় ৩০০ কোটি টাকার উৎপাদনের আশা করা হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগে সেই লক্ষ্যমাত্রা এখন হুমকির মুখে।

তবে কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, কিছু আম ঝরে পড়লেও সঠিক পরিচর্যা করলে বাকি আমের আকার বড় হতে পারে। ফলে উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে না।

উল্লেখ্য, স্বাদ ও গন্ধে অনন্য হাঁড়িভাঙ্গা আম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জিআই পণ্যের স্বীকৃতি পায়। প্রতিবছর জুন মাসের মাঝামাঝি সময় থেকে এই আম বাজারজাত শুরু হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে