বাংলাদেশের এভিয়েশন ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি আধুনিক উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী বিমানের বহরে তিন ধরনের অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত হবে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার: এগুলো মূলত মধ্যপ্রাচ্যের রুটগুলোতে ব্যবহৃত হবে। ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার: ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ দূরত্বের রুটে যাত্রী সেবায় নিয়োজিত হবে। ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স: এগুলো যুক্ত হওয়ার ফলে বিমানের স্বল্প দূরত্বের বা আঞ্চলিক রুটগুলো আরও আধুনিক হবে।
চুক্তির আনুমানিক বাজারমূল্য ৩৭০ কোটি ইউএস ডলার বা প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা। বিমানের পক্ষে এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে ভাইস প্রেসিডেন্ট পল রিগি সই করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বোয়িং জানিয়েছে, নতুন মডেলগুলো আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীদের জন্য বিশ্বমানের সুবিধা সম্বলিত। চুক্তি অনুযায়ী, প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর মাসে পৌঁছাবে এবং ২০৩৫ সালের মধ্যে বাকি ১৩টি উড়োজাহাজ হস্তান্তর সম্পন্ন হবে।




































