জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিক ক্রয়চুক্তি সই হবে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ধ্যা সাড়ে ৭টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
চুক্তির আওতায় ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স কেনা হবে। প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে সরবরাহ করা হবে এবং পর্যায়ক্রমে ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে বাকি উড়োজাহাজগুলো হস্তান্তর করা হবে।
বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। তবে বাড়তে থাকা যাত্রী চাহিদা পূরণে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ লক্ষ্য সামনে রেখে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বহরের আকার ৪৭টিতে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী মিল্লাত আগেই জানিয়েছিলেন, বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের পাশাপাশি আরও কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।




































