ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও এসএসএফ সুবিধা অক্ষুণ্ণ

0
15

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সোমবার (২৭ এপ্রিল) সরকারের উচ্চপর্যায়ের সূত্র ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, ড. ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার মেয়াদ কমানো হয়নি। বরং পূর্বঘোষিত এক বছর পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর সুরক্ষা পাবেন।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, বর্তমান সরকার ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ৬ মাস কমিয়ে দিয়েছে এবং আগামী ১০ আগস্টের পর তিনি আর এসএসএফ নিরাপত্তা পাবেন না। তবে ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত নতুন প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৮০-আইন/২০২৬) অনুযায়ী, ১০ ফেব্রুয়ারির আদেশ (এস.আর.ও. নং ৪৬-আইন/২০২৬) অক্ষুণ্ণ রাখা হয়েছে। ওই আদেশে ড. ইউনূসকে ক্ষমতা হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পর ৬ মাসের জন্য ভিভিআইপি মর্যাদা পাবেন। তবে ড. ইউনূসের ক্ষেত্রে পূর্বের আদেশ অনুযায়ী এক বছরের নিরাপত্তা সুবিধা বহাল থাকবে।

সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী জানান, যেহেতু প্রজ্ঞাপনে পূর্বের আদেশ অক্ষুণ্ণ রাখার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তাই ড. ইউনূসের নিরাপত্তা নিয়ে কোনো আইনি জটিলতা নেই। এটি মূলত ভবিষ্যতের সরকার প্রধানদের জন্য স্থায়ী কাঠামো নির্ধারণ করেছে, কিন্তু ইউনূসের বিশেষ সুবিধাকে স্পর্শ করেনি।

ফলে বিভ্রান্তিকর সংবাদে দাবি করা হলেও, প্রজ্ঞাপন অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ড. ইউনূস পূর্বনির্ধারিত প্রটোকল ও এসএসএফ সুরক্ষা পাবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে