সরকার দেশের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নের ব্যবস্থা রাখা হবে।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন। অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রশ্নোত্তর পর্ব উত্থাপন করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, কক্সবাজারে ‘আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। এই প্রকল্পের আওতায় সেখানে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া ঢাকার পূর্বাচলেও একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি এই উদ্যোগকে দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলার জন্যও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য রয়েছে।

































