বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

0
9

ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন দায়িত্বে তিনি ঢাকায় বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন এবং যুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের আমলে রেলমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। তবে তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে।

এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় পাঠানোকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দিনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে