তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ নেই উল্লেখ করে সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার যথাসাধ্য চেষ্টা করেও উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে। তিনি বলেন, “আমরা প্রতিনিয়ত ভর্তুকি দিয়ে আসছিলাম। এখন উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমার ধারণা জনগণ বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি।”
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, তেলের দাম সমন্বয়ের মাধ্যমে পাচার ও অতিরিক্ত ভর্তুকি এড়ানো হয়েছে। একই সঙ্গে বাস ভাড়াও সমন্বয় করা হয়েছে। তিনি বলেন, “যদি তেলের দাম আবার কমে যায়, কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমে যাবে। বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হয়েছে। গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানো হয়নি। যদি কোথাও বিচ্যুতি ঘটে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসের ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, জনগণ সরকারের এই পদক্ষেপকে বুঝবে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতায় সহযোগিতা করবে।




































