চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) অথবা সরকার কর্তৃক অনুমোদিত ক্ষেত্রে শুধুমাত্র বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। বর্তমানে বন্দরের আধুনিকায়ন ও আমদানি-রপ্তানি বাণিজ্যের অগ্রগতির সাথে তাল মিলিয়ে দেশি-বিদেশি অপারেটর দ্বারা বিভিন্ন টার্মিনাল পরিচালিত হচ্ছে।
তিনি উদাহরণ হিসেবে বলেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে। এছাড়া কর্ণফুলি নদীর ডান তীরে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কের মার্কস গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভি-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।




































