চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মঙ্গলবার (২১ এপ্রিল) এক লাখ টনেরও বেশি ডিজেল ও অকটেন বহনকারী তিনটি ট্যাংকার পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) ফারজিন হাসান মৌমিতা। তিনি জানান, জাহাজগুলো ধীরে ধীরে জেটিতে ভিড়বে এবং শিগগিরই জ্বালানি খালাস করা হবে। এর মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও পরিচালনা) মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, ট্যাংকারগুলোর মধ্যে এমটি লিয়ান সং হু প্রায় ৪১ হাজার টন ডিজেল এবং এমটি প্যাসিফিক ইন্ডিগো প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ভারত থেকে এসেছে। এছাড়া এমটি নাভ সিয়েলো প্রায় ২৭ হাজার টন অকটেন নিয়ে তাইওয়ান থেকে এসেছে।
গত ১৯ দিনে বিপিসি স্থানীয় তিনটি বেসরকারি কোম্পানি থেকে ১৫ হাজার ১৭০ টন অকটেন সংগ্রহ করেছে। এর মধ্যে সুপার পেট্রো পিএলসি সর্বাধিক ১১ হাজার ৬১৫ টন অকটেন সরবরাহ করেছে।
এদিকে সোমবার ডলফিন জেটিতে আরও দু’টি ট্যাংকার থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। এমটি ওকট্রি প্রায় ৩৫ হাজার টন ডিজেল এবং এমটি কেপ বনি প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে এসেছে।




































