বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, মোট ১৫০ কেন্দ্রের ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মো. আল-আমিন তালুকদার ফুলকপি প্রতীকে পেয়েছেন ৪৯৯ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৬৯৬টি। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনেই অনুষ্ঠিত হলো এই উপনির্বাচন। রেজাউল করিম বাদশার বিজয়ের মধ্য দিয়ে বিএনপি আবারও বগুড়া-৬ আসনে জয় পেল। তবে ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশিত হয়নি। তাই এটি বেসরকারি ফলাফল হিসেবে গণ্য করা হচ্ছে।




































