রাজশাহীতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের সঙ্গে আকস্মিক শিলাবৃষ্টি হয়ে মাঠের ফসল ও ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে দুর্গাপুর ও বাগমারার বিভিন্ন এলাকায় প্রায় ২০ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টি কৃষকদের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনে।
বিশেষ করে আমের গুটি অবস্থায় এমন দুর্যোগে চাষি ও বাগান মালিকরা দুশ্চিন্তায় পড়েছেন। গম কাটার আগমুহূর্তে পাকা ও আধাপাকা গম মাটিতে লুটিয়ে পড়েছে। শিলার আঘাতে গমের শীষ ঝরে পড়েছে। পাশাপাশি ভুট্টা, মরিচ, পেঁয়াজের বীজ কদমসহ বিভিন্ন সবজি ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গাপুর উপজেলায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গেছে। মাঠ ঘুরে দেখা গেছে, অনেক কৃষকের জমিতে গম নুয়ে পড়েছে এবং শিলার আঘাতে ফসলের শীষ ভেঙে গেছে। আমের মৌসুমের শুরুতেই গাছে আসা ছোট গুটি ঝরে পড়ায় বাগান মালিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
কৃষকরা বলছেন, এই আকস্মিক শিলাবৃষ্টি তাদের মৌসুমি ফসল উৎপাদনে বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে। ফলে আম ও অন্যান্য ফসলের বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




































