সংরক্ষিত আসনের ৪৯ নারী এমপির শপথ গ্রহণ সম্পন্ন

0
22

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। রোববার রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত থেকে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের অভিনন্দন জানান। তিনি দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

শপথ গ্রহণ শেষে সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ অন্যান্য মন্ত্রী, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন নারী সদস্যের গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

তবে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলেও আইনি প্রক্রিয়া চলমান থাকায় তার নাম গেজেটে প্রকাশ হয়নি। ফলে তিনি শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে