শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প

0
10

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) বেইজিংয়ে দুই পরাশক্তির শীর্ষ বৈঠকের শেষ দফায় তারা মিলিত হন। ট্রাম্প জানিয়েছেন, এ বৈঠক থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চীনের সহায়তার প্রস্তাবও পাওয়া গেছে।

কৃষি, বিমান চলাচল ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে চুক্তি চূড়ান্ত করতে ট্রাম্পের এ সফর অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন তিনি। শি জিনপিংকে ‘মহান নেতা’ ও ‘বন্ধু’ বলে উল্লেখ করলেও চীনা প্রেসিডেন্ট তুলনামূলক সংযত অবস্থান নেন।

বেইজিংয়ের ঝোংনানহাই কম্পাউন্ডে শি’র সঙ্গে হাঁটার সময় ট্রাম্প বলেন, “আমরা কিছু চমৎকার বাণিজ্য চুক্তি করেছি, যা দুই দেশের জন্যই দারুণ।” ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শি যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে সম্মতি দিয়েছেন। ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, শি আশ্বস্ত করেছেন যে চীন তেহরানকে সামরিক সহায়তা দেবে না এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সহায়তা করতে আগ্রহী।

তবে আলোচনার উষ্ণ পরিবেশ তাইওয়ান ইস্যুতে শি’র কঠোর সতর্কবার্তায় কিছুটা ম্লান হয়ে যায়। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, তাইওয়ান প্রশ্নে ভুল পদক্ষেপ দুই দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এ বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

শুক্রবারের আলোচনায় বাণিজ্যই মূল গুরুত্ব পায়। ট্রাম্প দাবি করেন, শি ২০০টি বোয়িং বিমান কেনার বিষয়ে সম্মত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের তেল ও সয়াবিন কেনার আগ্রহও দেখিয়েছে চীন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য নিয়ন্ত্রণ কাঠামো তৈরির বিষয়ে আলোচনা করেছেন।

ট্রাম্পের এ সফর প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, শি তাকে অসংখ্য সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে