ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার সপ্তাহ বাকি। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এবারের আসর বসতে যাচ্ছে উত্তর আমেরিকায়। তবে এখনও যুক্তরাষ্ট্র ইরান জাতীয় ফুটবল দলকে ভিসা দেয়নি বলে জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে মেহেদি তাজ বলেন, “আগামীকাল অথবা পরশু ফিফার সঙ্গে আমাদের একটি চূড়ান্ত বৈঠক হবে। তাদের অবশ্যই আমাদের নিশ্চয়তা দিতে হবে। কারণ, ভিসা ইস্যুটির এখনও সমাধান হয়নি।” তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ের ভিসা ইস্যু করা হয়নি এবং কারা ভিসা পাচ্ছে সে বিষয়ে কোনো বিবরণও পাওয়া যায়নি।
ভিসাপ্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ দেওয়ার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় যেতে হবে। তবে ইরান ফুটবল ফেডারেশন চেষ্টা করছে যাতে এই প্রক্রিয়া আন্তালিয়াতে সম্পন্ন হয়, যাতে খেলোয়াড়দের আঙ্কারায় যেতে না হয়।
এরই মধ্যে বুধবার (১৩ মে) তেহরানে জাতীয় দলের জন্য একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বকাপের আগে তুরস্কে ক্যাম্প করবে ইরান দল।

























