জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

0
13

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটন ডিসির মার্কিন জ্বালানি দপ্তরে (ডিওই) এই চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই চুক্তিকে বাংলাদেশের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। এর ফলে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে মার্কিন এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ পাবে। একই সঙ্গে জ্বালানির উৎস বহুমুখীকরণ ও সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্ব নিশ্চিত হবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা রাখবে।

চুক্তি অনুযায়ী, তেল, গ্যাস, ভূতাপীয় এবং জৈবশক্তি খাতে উভয় দেশ জ্ঞান ও দক্ষতা বিনিময় করবে। সক্ষমতা বৃদ্ধি ও উন্নত গবেষণার মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতকে আধুনিকায়নের সুযোগ তৈরি হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই উদ্যোগকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান। অপরদিকে, মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে অভিহিত করেন।

ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং মার্কিন জ্বালানি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশা করা হচ্ছে, এই চুক্তির ফলে আগামী দিনে বাংলাদেশের শিল্প ও বিদ্যুৎ খাতে জ্বালানি সংকট মোকাবিলা আরও সহজ হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে