বর্জ্য অপসারণে ব্যর্থ ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ডিএসসিসির

0
24

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কোরবানির পশুর ১১টি অস্থায়ী হাটে বর্জ্য অপসারণে ব্যর্থ ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। শর্ত ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত করার পাশাপাশি কালোতালিকাভুক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী বছর থেকে হাটের জামানতের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথাও জানানো হয়েছে।

রোববার (৩১ মে) নগর ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ইজারাদারেরা নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে ব্যর্থ হওয়ায় জনভোগান্তি এড়াতে সিটি করপোরেশন নিজ উদ্যোগে বর্জ্য সরিয়েছে। এতে সামগ্রিক কার্যক্রম কিছুটা শ্লথ হলেও নগরবাসীর স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, জনভোগান্তি তৈরিকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

ডিএসসিসির হিসাব অনুযায়ী, ঈদের তিন দিনে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে, যা প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ৯৪২ টনের চেয়ে বেশি। এই বিশাল কর্মযজ্ঞে ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ২ হাজার ১১৭টি যানবাহন ব্যবহার করা হয়।

নাগরিক সচেতনতা বাড়াতে ঈদের আগে গণবিজ্ঞপ্তি, টিভিসি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং ওয়ার্ড পর্যায়ে মাইকিং করা হয়। পাশাপাশি ৭৫টি ওয়ার্ডে ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়।

প্রশাসক আবদুস সালাম জানান, কোরবানির কার্যক্রম শেষ হলেও ডিএসসিসির তদারকি দল মাঠে সক্রিয় রয়েছে। কোথাও বর্জ্য জমে থাকলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ০১৭০৯৯০০৮৮৮ এবং ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। সংবাদ পাওয়ার এক ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। নাগরিক সেবায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে