জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার : তারেক রহমান

0
27

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শণে অনুপ্রাণিত হয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য।

রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি আয়োজিত এ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। তাই নেতা-কর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি সতর্ক করে দেন, যদি এই সময়কে হেসে-খেলে পার করা হয় তবে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের প্রতিটি সেক্টরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছিলেন। বিএনপির নির্বাচনি ইশতেহারেও সেই পথনির্দেশনা অনুসরণ করা হয়েছে। জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দায়িত্ব দিয়েছে তাদের প্রত্যাশা পূরণের জন্য। তাই সরকারের ইশতেহার এখন কেবল বিএনপির নয়, এটি জনগণেরও।

তিনি বিচার, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে।

বাবার স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিয়েই বিশ্ব বাংলাদেশকে চিনত। একজন সন্তান হিসেবে এটি তাকে গর্বিত করে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে