ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৩২ জন নিহত

0
10

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩৪ জন। সোমবার (৮ জুন) ভোরে সারঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর তীব্র কম্পন মিন্দানাওজুড়ে অনুভূত হয় এবং ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও কাঁপুনি টের পাওয়া যায়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাত লাখ মানুষের বসবাসের শহর জেনারেল সান্তোস সিটি। সেখানে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু স্থাপনা ধসে পড়েছে। স্থানীয় সরকারের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি ফাস্টফুড দোকানসংবলিত ভবন ধসে পড়ার পর ধুলার মেঘ ছড়িয়ে পড়ে এবং পথচারীরা আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন।

স্থানীয় এক বাসিন্দা জানান, জীবনে প্রথমবার এত শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতা হয়েছে তাঁর। তিনি বলেন, “আমি আমার সন্তান ও ভাগ্নির কথা ভাবছিলাম, যদি তাদের কিছু হয়ে যেত?” ভূমিকম্পের সময় তিনি একটি ভবনের সামনে মোটরচালিত থ্রি-হুইলার চালাচ্ছিলেন। ভবনটি পরে ধসে পড়লেও তিনি অক্ষত থাকেন।

সরকারি তথ্য অনুযায়ী, ধ্বংসাবশেষ ও ভূমিধসে প্রাণহানি ঘটেছে। উদ্ধার তৎপরতা জোরদার করতে সামরিক বাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের পর দক্ষিণ ফিলিপাইন, উত্তর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাবাহ রাজ্যে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। ছয় ঘণ্টার বেশি সময় পর সতর্কতা প্রত্যাহার করা হয়।

এটি গত বছরের সেবু দ্বীপে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পের পর সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ। ওই ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে