পরিবেশ দিবসে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

0
5

পরিবেশ দিবসে দেশের ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মানববন্ধন আয়োজন করেছে শতাধিক পরিবেশবাদী সংগঠনের প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক। পরিবেশবিষয়ক সংগঠন মিশন গ্রিন বাংলাদেশের নেতৃত্বে ‘গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৫ জুন) দিনভর এসব আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি-থ্রিইআর), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক, স্বপ্নপূরী কল্যাণ সংস্থা এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) এ কর্মসূচিতে সহযোগিতা করে। ট্র্যাকিং ও মনিটরিং পার্টনার হিসেবে ছিল সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড (এসআরসিএল) এবং আরও শতাধিক স্থানীয় পরিবেশবান্ধব সংগঠন।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও বসতবাড়িতে দীর্ঘমেয়াদে পরিচর্যার সুযোগ রয়েছে এমন স্থানে গাছ লাগানো হয়। একইসঙ্গে দরিদ্র পরিবারগুলোর মাঝে অন্তত দুটি করে ফলজ ও বনজ গাছ উপহার দেওয়া হয়। জেলা শহর ও জনসমাগমস্থলে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

ঢাকায় আয়োজনে অংশ নিয়ে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তনের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে হলে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সি-থ্রিইআর ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর রউফা খানম বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ, তাই মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ সবচেয়ে জরুরি। ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার জানান, ৬৪ জেলায় একযোগে আয়োজিত এই কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেলা’র পলিসি ও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর বারীশ হাসান চৌধুরী বলেন, পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করতে হলে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে। মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, এই কর্মসূচি কেবল গাছ লাগানোর উদ্যোগ নয়, বরং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার আন্দোলন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে