দেশে চাহিদার চেয়ে ২২ লাখ পশু উদ্বৃত্ত: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

0
19

দেশে পশুর চাহিদার তুলনায় বর্তমানে প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই, আমরা এখন সম্পূর্ণ স্বাবলম্বী।”

রবিবার (১৭ মে) বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে আয়োজিত ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু রয়েছে, যেখানে চাহিদা মাত্র ১ কোটি ১ থেকে ২ লাখ।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশ মাংস রপ্তানিতেও এগিয়ে যাবে। ইতোমধ্যেই ‘বেঙ্গল মিট’ তাদের প্রসেসিং সেন্টারের মাধ্যমে গরুর মাংস রপ্তানি শুরু করেছে। খামারিদের কল্যাণে কৃষি কার্ডের আওতায় তাদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে, ফলে তারা ঋণ সুবিধা ও সার্বিক সহযোগিতা পাবেন।

সেমিনারে প্রতিমন্ত্রী বিএনপি সরকারের কৃষি ও প্রাণিসম্পদ খাতে নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকেই কৃষি ঋণ মওকুফের যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল। এছাড়া নারী উদ্যোক্তাদের সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেন, প্রাণিসম্পদ খাত নারীদের হাত ধরে বগুড়াকে দেশের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত করছে।

সেমিনারে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং সচিব মো. দেলোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্প্রসারণ পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ।

সেমিনার শেষে প্রতিমন্ত্রী বগুড়া সদরের জয়পুর পাড়ায় একটি আধুনিক কসাইখানা এবং নিশিন্দারার কারবালা এলাকায় নবনির্মিত ‘বগুড়া জেলা প্রাণিসম্পদ ভবন’ উদ্বোধন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে