তাপপ্রবাহে পুড়ছে দেশ, কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনা

0
9

পহেলা বৈশাখের প্রথম দিনেও সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রচণ্ড গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। তবে অস্বস্তিকর এই আবহাওয়ার মধ্যেই কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, খুলনা বিভাগসহ দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে সিলেটসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির আওতা আরও বাড়বে। সেদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আগামী ১৭ ও ১৮ এপ্রিলও দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ১৮ এপ্রিলের পর থেকে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈশাখের শুরুতে তাপপ্রবাহের কারণে জনজীবনে অস্বস্তি তৈরি হলেও বৃষ্টিপাতের ফলে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে এবং গরমের সঙ্গে বজ্রবৃষ্টি মিলিয়ে আবহাওয়া অস্থির থাকতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে