জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী

0
13

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’ সোমবার বিকালে যশোর জেলার ঈদগাহ প্রাঙ্গনে এক জনসভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, অতীতে ১৭৩ দিন হরতাল পালনের মাধ্যমে জনগণের শান্তি বিঘ্নিত করা হয়েছিল, কিন্তু এবার আর সেই সুযোগ দেওয়া হবে না।

সমাবেশে তিনি বিএনপির আন্দোলনে নেতা-কর্মীদের আত্মত্যাগ, নিপীড়ন-নির্যাতন ও মিথ্যা মামলার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, আর সেই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো জনগণের স্বার্থে সম্পন্ন করা হবে।

জনসভায় প্রধানমন্ত্রী বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের মা-বোনদের রান্নার কষ্ট লাঘব করতে ‘এলপিজি কার্ড’ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলো সহজে রান্নার জ্বালানি পাবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উপকরণ ও কর্মসংস্থানের বিষয়গুলোকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের কাছে এখন অগ্রাধিকার হচ্ছে শিশুদের টিকা নিশ্চিত করা, গ্রামীণ ও শহুরে জনগণের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করা এবং কৃষকদের সহায়তা প্রদান।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন বিএনপির প্রতিশ্রুতি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত সেই সনদ জনগণের ভোটে অনুমোদিত হয়েছে। তাই বিএনপি সংসদে সনদের প্রতিটি শর্ত পাস করবে।

জনসভায় প্রধানমন্ত্রী বিভ্রান্তি ছড়ানো শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ে যারা বিভ্রান্তি তৈরি করেছে, তারা আবারও চেষ্টা করছে। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ শক্তি দেশের ভাগ্য পরিবর্তন করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।” জনসভায় উপস্থিত হাজারো নেতা-কর্মী হাত তুলে তার আহ্বানে সাড়া দেন।

যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে