শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের কবরে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মহিলা ও শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করছে। ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, এ্যাব, ওলামা দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে আট দিনের কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে আগামীকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মোট ১৭টি স্থানে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হন। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে যায়। ঢাকায় তাঁর নামাজে জানাজা ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ।
বিএনপি নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর শাহাদাত বার্ষিকীতে তাঁকে স্মরণ করে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাঁর আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন।




























