কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই

0
15

উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে রবিবার (১২ এপ্রিল) ভারতের মুম্বাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আগের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের আবহ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।” তিনি আরও বলেন, “লতা মঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না।”

ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করে রুনা লায়লা জানান, আশা ভোঁসলে তাকে মায়ের মতো স্নেহ করতেন। তিনি বলেন, “আমার শেষ দেখা হয়েছিল একটি গানের রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব। আর করা হলো না।”

আক্ষেপের সুরে তিনি বলেন, “যখন মনে হয়েছিল দিদিকে ফোন করি, যদি তখনই করতাম, তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকত না।”

আশা ভোঁসলের অসংখ্য কালজয়ী গান তাকে সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরঅমর করে রাখবে বলে মনে করছেন সংগীতসংশ্লিষ্টরা। তার প্রয়াণে উপমহাদেশের সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে