ওপেক ছাড়লো আমিরাত: বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা

0
8

সংযুক্ত আরব আমিরাত তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এ সিদ্ধান্ত জানায় দেশটি, যা সৌদি আরবের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতা ও ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ এসেছে।

বিশ্লেষকদের মতে, আমিরাতের এই সিদ্ধান্ত জোটটির অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে ভূরাজনৈতিক মতপার্থক্য থাকলেও ওপেকভুক্ত দেশগুলো সাধারণত ঐক্য বজায় রেখেছে। তবে আমিরাতের সরে দাঁড়ানো জোটটির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই পরিস্থিতি কৌশলগতভাবে লাভজনক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতীতে তিনি ওপেককে তেলের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে সমালোচনা করেছিলেন। ফলে আমিরাতের পদক্ষেপ মার্কিন নীতির সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ হতে পারে।

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার সময় আমিরাত অভিযোগ তোলে যে, ইরানের হামলার মুখে পড়লেও আরব মিত্রদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পায়নি তারা। এই অসন্তোষই জোট থেকে বেরিয়ে আসার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। সোমবার এক সম্মেলনে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস বলেন, রাজনৈতিক ও সামরিক সহযোগিতা ঐতিহাসিকভাবে সবচেয়ে দুর্বল অবস্থানে পৌঁছেছে।

সামগ্রিকভাবে, আমিরাতের এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করবে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে